ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির নির্বাচনি ইশতেহার আজ প্রকাশ করা হচ্ছে। দলটির চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করবেন।


বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার বেলা সাড়ে ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ইশতেহার ঘোষণা করা হবে।


ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠান পরিচালনা করবেন দলের স্থায়ী কমিটির সদস্য এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।


দলীয় সূত্র জানায়, এবারের ইশতেহারে বিএনপির ঘোষিত ৩১ দফা, জুলাই সনদ এবং তরুণ ভোটারদের প্রত্যাশাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ডসহ জনমুখী ও জীবনঘনিষ্ঠ সেবার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত থাকবে।


ইশতেহারে গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, প্রশাসনের বিকেন্দ্রীকরণ, মানবাধিকার সুরক্ষা এবং দুর্নীতিবিরোধী ব্যবস্থাকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি থাকবে। পাশাপাশি অর্থনীতি ও পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও দিকনির্দেশনা তুলে ধরা হবে।


এ ছাড়া আলেম-ওলামা, সংখ্যালঘু সম্প্রদায় এবং কৃষকদের জন্য বিশেষ অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকারও ইশতেহারে অন্তর্ভুক্ত থাকবে।


জমকালো আয়োজনে অনুষ্ঠিতব্য এই ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নাগরিকদের পাশাপাশি ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থা ও কূটনৈতিক প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।